যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’। দ্রুত শক্তিশালী হয়ে ওঠা ভয়ংকর এ শীতকালীন ঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক মাত্রার তুষারপাত, বিধ্বংসী ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে।
শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানানো হয়, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ঝড়টির প্রভাব শুরু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার রাত নাগাদ নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় তুষারপাত ও প্রায় হারিকেন-গতির দমকা হাওয়া মিলিত হয়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার রাতে নর্থ ক্যারোলাইনার উপকূলের কাছে ঝড়টির সৃষ্টি হবে এবং শনিবার দ্রুত উত্তরমুখী হয়ে শক্তি সঞ্চয় করবে।
দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ শীতকালীন ঝড় সংক্রান্ত সতর্কবার্তার আওতায় রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়টি সমুদ্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে উপকূলীয় এলাকায় প্রবল বাতাস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলে শনিবার রাতে দমকা হাওয়ার গতি প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সিএনএন জানিয়েছে, প্রবল অনশোর বাতাস মাসের সর্বোচ্চ জোয়ারের সঙ্গে মিলিত হওয়ায় উপকূলীয় বন্যার ঝুঁকি বেড়েছে।