যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী তুষারঝড় এবং রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। সোমবারের এই দুর্যোগে এ পর্যন্ত পাঁচ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে যাতায়াত ব্যবস্থা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
পূর্ব উপকূলজুড়ে প্রায় ৬ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার মধ্যে নিউজার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তার স্বার্থে রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আকাশপথের যোগাযোগে এই ঝড় নজিরবিহীন বিপর্যয় ডেকে এনেছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের ৯৮ শতাংশ এবং জেএফকে বিমানবন্দরের ৯১ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার আরও ২ হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।