ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী মঙ্গলবার নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আঞ্চলিক অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে পাকিস্তান, সৌদি আরব, চীনসহ প্রতিবেশি দেশগুলোকে।
তবে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী মোদির। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে আসবেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর মধ্যে বৈঠকের কথা রয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কেউ অংশ নেবেন, ভাইস-প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।