ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, জোহরান মামদানি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করার নিন্দা জানিয়ে বলেন, এটা যুদ্ধের মতো একটা কাজ। একই সঙ্গে দেশের ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, ‘এমন নগ্নভাবে শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা কেবল বিদেশের মানুষদের প্রভাবিত করছে না, এটি সরাসরি নিউইয়র্কবাসীদেরও প্রভাবিত করছে। যার মধ্যে এই শহরকে নিজেদের ঘর হিসেবে গণ্য করা ভেনেজুয়েলার হাজারো মানুষও রয়েছে।’
এর আগে গত শুক্রবার স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে মার্কিন বিমান বাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।