গেল রাতে সাড়ে চার ঘণ্টার মধ্যে মোট ১৩ বার ভূমিকম্পে কেঁপেছে ভারতের সিকিম। এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ সিকিমের গেলসিং এলাকায় প্রধান ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এই মূল কম্পনের পর শুরু হয় একের পর এক আফটারশক। মঙ্গন এলাকায় ৭টি এবং নামচিতে ৪টি ছোট কম্পন ধরা পড়ে। গ্যাংটকেও ৩.১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
একের পর এক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিকিমের এই ভূমিকম্পের প্রভাবে কেঁপে ওঠে বাংলাদেশের উত্তরাঞ্চল।
ঠাকুরগাঁও-দিনাজপুরে আতঙ্কে ঘুম ভাঙে মানুষের। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে কম্পন অনুভূত হলে দুই জেলার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল অল্প সময়ের, ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।