news.ibtvusa@gmail.com

929-633-2900

জামায়াত আমিরকে নিয়ে এবার নতুন বিতর্ক শুরু

জামায়াত আমিরকে নিয়ে এবার নতুন বিতর্ক শুরু

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৪:৩৫, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার      আপডেট: বিকাল ০৩:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণাকে ঘিরে আবারও নতুন বিতর্কে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। চট্টগ্রামে এসে কর্ণেল অলি আহমেদকে ‘স্বাধীনতার ঘোষক’ আখ্যা দিয়ে বক্তব্য রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
সোমবার 'চট্টগ্রাম বন্দর হাই স্কুল এন্ড কলেজ' মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল। এ সময় তিনি দাবি করেন, সবার আগে ‘উই রিভোল্ট’ বলে ঘোষণা দিয়েছিলেন এলডিপির সভাপতি ড. কর্ণেল অলি আহমেদ।
জনসমাবেশে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আপনাদের এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার করে বলেছিল ‘উই রিভোল্ট’। তিনি হচ্ছেন কর্ণেল অলি আহমেদ। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি।”
তার এই বক্তব্য ঘিরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছেন বিভিন্ন মহল। স্বাধীনতার ঘোষণার প্রশ্নে সুপ্রতিষ্ঠিত ঐতিহাসিক তথ্য উপেক্ষা করে কর্ণেল অলিকে ঘোষক হিসেবে উপস্থাপন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।