যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে কারাকাস থেকে আটকের দুদিন পর নিউইয়র্কের আদালতে হাজির করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে।
সোমবার ম্যানহাটন ফেডারেল আদালতে শুনানির সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং অত্যন্ত দৃঢ়তার সাথে নিজের প্রেসিডেন্সি পদের বৈধতা তুলে ধরেন।
মাদক-সন্ত্রাস, ষড়যন্ত্র এবং অর্থ পাচারসহ একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত মাদুরো আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি।’
দোভাষীর মাধ্যমে স্প্যানিশ ভাষায় তিনি বিচারককে জানান, গত শনিবার তাকে কারাকাসের নিজ বাড়ি থেকে ‘অপহরণ’ করে আনা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং এখানে আমাকে বন্দি করে রাখা হয়েছে।’
তবে প্রায় এক যুগ ধরে দেশ শাসন করা এই নেতার বক্তব্যে বাগড়া দিয়ে বিচারক তাকে শুধুমাত্র নিজের নাম বলার নির্দেশ দেন এবং জানান যে তার শাসনের দিন শেষ হয়েছে।