যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে।
শনিবার ভেনেজুয়েলায় বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের বাহিনী। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই তাদের নিউইয়র্কের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।
যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে। তবে মাদুরো শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
রোববার আদালতের এক মুখপাত্র জানান, সোমবার দুপুরে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে প্রথমবারের মতো ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।
এদিকে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তাকেও সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেলসি যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ না নেন, তাহলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।