news.ibtvusa@gmail.com

929-633-2900

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ১২:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার      আপডেট: দুপুর ০১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একাধিক আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা বিএনপির নেত্রীরা। কিন্তু দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচনও করেননি তারা। তবে সংরক্ষিত নারী আসনে এবার সাংসদ হতে চান তারা। এরই মধ্যে একডজন নেত্রী দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

দলীয় সূত্র জানায়, আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে জঙ্গি মামলায় ১০ মাস ৮ দিন কারাগারে ছিলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। তার বাবা বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম টানা চারবারের এমপি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন ফারজানা। সংশ্লিষ্টরা বলছেন, সংরক্ষিত নারী আসনে সংসদ-সদস্য করতেই ওই সময় তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

এছাড়া আলোচনায় রয়েছেন-জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, উত্তর জেলা মহিলা দলের সভাপতি মেহেরুন নেছা নার্গিস, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, জাসাসের কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ ও ফটিকছড়ির গুম হওয়া বিএনপি নেতা শহিদুল আলম সিরাজ চেয়ারম্যানের সহধর্মিণী সুলতানা পারভীন।

সূত্র আরও জানায়, চট্টগ্রাম নগরীতে আন্দোলন-সংগ্রামে যে কজন নেত্রী সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে মনোয়ারা বেগম মনি ও ফাতেমা বাদশা অন্যতম। জেলী চৌধুরীও সামনের সারি থেকে ভূমিকা পালন করেছেন। এছাড়া গুমের শিকার পরিবারগুলোর প্রতিনিধি হিসাবে সিরাজ চেয়ারম্যানের স্ত্রীকে সংরক্ষিত আসনে এমপি হিসাবে সুযোগ দেওয়া হবে বলে আশা পরিবারের। জাসাস নেত্রী নাজমা সাঈদ বলেন, দল করতে গিয়ে চাকরিচ্যুত হয়েছি। কিন্তু দলীয় আদর্শ থেকে বিচ্যুত হইনি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।