বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্যদের শপথ হবে। এছাড়া বিকেল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে।
উপদেষ্টা বলেন, দক্ষিণ প্লাজায় শপথের বিষয়ে বিএনপিই অভিপ্রায় ব্যক্ত করেছিল। ছাত্র-জনতার আত্মত্যাগ, কষ্ট ও বেদনার বিনিময়ে এই সংসদ পেয়েছি। এসব কারণে সংসদটি অন্য সব সংসদের চেয়ে ভিন্ন। এই সংসদ প্রাঙ্গণে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। জুলাই সনদ ঘিরে যে অনুষ্ঠান সেটাও এখানে আয়োজন করা হয়েছে।এ সংসদের পাশেই বেগম খালেদা জিয়া এবং সবার প্রিয় আমাদের ওসমান হাদির জানাজা হয়েছিল। সুতরাং সংসদের দক্ষিণ প্লাজাটি বিভিন্ন কারণে আমাদের কাছে স্মরণীয়।