সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী ‘দ্য উইক’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে। সাক্ষাৎকারে মাহফুজ আলম তার পদত্যাগ ও নির্বাচনে অংশ না নেওয়ার কারণসহ বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছেন।
মাহফুজ আলম বলেন, এই মুহূর্তে আমি কোনো দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে লড়ছি না। কারণ আমি দেখছি যে এটি সঠিক সময় নয়। আর এনসিপি-জামায়াত জোট— এই জোটের কারণেই আমি এনসিপিতে যোগ দিচ্ছি না। এটি একটি পরিষ্কার অবস্থান। আমি জামায়াতের রাজনীতি এবং এই ধরণের আদর্শিক দ্বিমেরু রাজনীতি নিয়ে কথা বলেছি। যেমন, জামায়াত এবং আওয়ামী লীগ হলো একে অপরের ‘অল্টার ইগো’ বা পরিপূরক সত্তা। সুতরাং, আওয়ামী লীগ এখানে থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে।
তিনি আরও বলেন, আমরা তাদের বর্তমান অবস্থায় চাই না। তারা নিজেদের পরিবর্তন করতে পারে, তারপর বাংলাদেশের মানুষের কাছে আসতে পারে।
এনসিপি জামায়াত জোট নিয়ে মাহফুজ আলম বলেন, এনসিপি-জামায়াত জোটের পুরো বিষয়টা বিভিন্ন মহলের সঙ্গে কোনো সঠিক বোঝাপড়া ছাড়াই ঘটেছে যারা সিদ্ধান্ত নিচ্ছিল। যেমন, এক সন্ধ্যায় এনসিপি নেতাদের মধ্যেও অনেকে জানতেন না যে এই ধরনের কোনো জোট হতে যাচ্ছে।