বছর ঘুরে আর মাত্র চার মাস পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে কবে রমজান শুরু হবে সেটির সম্ভাব্য তারিখ ইতোমধ্যে জানিয়েছেন জ্যোতির্বিদরা।
বৃহস্পতিবার আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান সংবাদমাধ্যম আলআরাবিয়াকে জানিয়েছেন, ২০২৬-এর ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি। কিন্তু ওইদিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে এটি খালি চোখে আর দেখা যাবে না। তাই ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু না হয়ে ১৯ ফেব্রুয়ারি হবে।
তার ভাষ্য অনুযায়ী, আরবে ঈদুল ফিতর হবে ২০ মার্চ শুক্রবার।
যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয় তাই বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথমদিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে।