শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাজশাহীগামী একটি ফ্লাইট মাঝপথ থেকেই ঢাকায় ফিরে যেতে বাধ্য হয়েছে। শনিবার সন্ধ্যায় উড্ডয়নের প্রায় ৫০ নটিক্যাল মাইল অতিক্রম করার পর বিমানটিতে ত্রুটি ধরা পড়লে সেটি আর রাজশাহী না এসে ঢাকায় ফিরে গিয়ে নিরাপদে অবতরণ করে।
বিমানটিতে মোট ৬৬ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে দুজন শিশু। ফ্লাইটটির নির্ধারিত উড্ডয়নের সময় ছিল বিকাল পৌনে ৬টার দিকে। তবে সেটি ৬টার পরপরই ঢাকা ছাড়ে। বিমানে থাকা যাত্রীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর থেকেই বিমানটিতে অস্বাভাবিক কাঁপুনি ও তীব্র শব্দ অনুভূত হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পাইলট নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিমানটি ঢাকায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাজশাহী স্টেশন ব্যবস্থাপক মামুন আল রশিদ বলেন, ঢাকা থেকে উড্ডয়নের পর বিমানটি প্রায় ৫০ নটিক্যাল মাইল এগিয়েছিল। এ সময় বিমানটিতে প্রেসারাইজেশন সমস্যা দেখা দেয়। অর্থাৎ একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর কেবিনে যে চাপ থাকার কথা, তা ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না। নিরাপত্তার স্বার্থে বিমানটি ঢাকায় ফিরে গিয়ে নিরাপদে অবতরণ করে।