আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান এবং ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু দাবি করেছেন, আসন্ন গণভোটের রায় যদি ‘হ্যাঁ’ হয় এবং জুলাই সনদ বাস্তবায়িত হয়, তবে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সুবিধা পাবে আওয়ামী লীগ। সোমবার রাতে ফেনী শহরের খেজুরিয়ার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মঞ্জু উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে ‘নো ভোট’ বা গণভোট বর্জনের প্রচার চালালেও ইতিহাসের শিক্ষা বলছে, একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে এলেই তারা রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পাবে।
১৯৭৫ সালের ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়ের পর দীর্ঘ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছিল বলেই তারা ফিরে আসতে পেরেছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন। সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু জুলাই সনদকে সকল রাজনৈতিক দলের জন্য একটি কল্যাণের পথ হিসেবে অভিহিত করেন। তিনি সতর্ক করে বলেন যে, এই সনদ বাস্তবায়িত না হলে বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামো ব্যাহত হবে এবং এতে ভবিষ্যতে সকল দলের জন্যই বিপদ ঘনীভূত হতে পারে।